খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সাজেক দুর্ঘটনায় খুবি শিক্ষার্থী নিহত, বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে শিজক ছড়ার হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় তিনশ ফুট গভীর খাদে পড়ে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সাজেক দুর্ঘটনায় খুবি শিক্ষার্থী নিহত
নিহত শিক্ষার্থীর নাম রুবিনা আফছানা রিংকি (২৩)। তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ৩৮ সদস্যের পর্যটক দল সাজেক ভ্রমণে যাচ্ছিল। এর মধ্যে ১৩ জনের একটি দল আলাদা একটি চাঁদের গাড়িতে ছিলেন। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ছাড়াও একজন শিক্ষকসহ আরও ১২ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় জনগণ, সেনাবাহিনী ও পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে অন্তত ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সাজেক ভ্যালী পুলিশ ক্যাম্পের এএসআই উত্তম আচার্য্য দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পর্যটকবাহী গাড়িগুলো পাহাড়ি আঁকাবাঁকা পথে প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা অভিযোগ করেছেন, অনভিজ্ঞ চালক এবং বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা বাড়ছে। এবারের দুর্ঘটনায় এক তরুণ শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।








