আমাদের দিনের একটি বড় অংশ কাটে অফিসে। ফলে সহকর্মীদের সঙ্গে কাজের সুবাদে একটি সুন্দর ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠা খুবই স্বাভাবিক। তবে সবার ক্ষেত্রে অভিজ্ঞতা কিন্তু একরকম হয় না।
অনেক অফিসে এমন কিছু সহকর্মী থাকেন, যাদের প্রধান কাজই হলো আপনার ছোট-বড় সব বিষয়ে ভুল খুঁজে বের করা। অফিসে সবাই যখন কাজ নিয়ে ব্যস্ত, তখন হয়তো কোনো মিটিংয়ে আপনার বক্তব্যের খুঁত ধরা, কাজের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা কিংবা কাজের সিদ্ধান্ত নিয়ে অন্যদের কাছে অভিযোগ করা এসব আচরণের মুখোমুখি হতে হয়।
বিশেষজ্ঞদের মতে, গঠনমূলক সমালোচনা কাজের মান উন্নত করে। তবে সমালোচনার মূল উদ্দেশ্য যদি সমস্যা সমাধানের বদলে আপনাকে সবার সামনে ছোট করা বা হেয় করা হয়, তবে তা কর্মপরিবেশকে অস্বস্তিকর করে তোলে। এমন পরিস্থিতি কীভাবে বুদ্ধি দিয়ে সামলাবেন, তার কিছু গুরুত্বপূর্ণ উপায় নিচে আলোচনা করা হলো।
১. প্রথমে নিজের অবস্থান নিরপেক্ষভাবে যাচাই করুন
কেউ সমালোচনা করলেই ধরে নেবেন না যে তিনি আপনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আক্রমণ করছেন। রাগ বা আবেগ দূরে সরিয়ে আগে ঠান্ডা মাথায় ভেবে দেখুন—সত্যিই কি কাজের মধ্যে কোনো ভুল ছিল?
সমস্যার সমাধানে আপনি যথাযথ ব্যবস্থা নিয়েছিলেন কি না এবং প্রয়োজন হলে সহকর্মীদের সহযোগিতা নিয়েছিলেন কি না, তা নিরপেক্ষভাবে মূল্যায়ন করুন। এতে আপনার নিজস্ব অবস্থান যেমন স্পষ্ট হবে, তেমনি নিজের ভুল থাকলে তা শুধরে নেওয়ার সুযোগ থাকবে।
২. আড়ালে আলোচনা বা গসিপ এড়িয়ে চলন
অফিসে সহকর্মীরা একে অপরকে নিয়ে গোপনে কথা বললে বা পিঠপিছে আলোচনা করলে তার অংশ হবেন না। কেউ যদি আপনার কাজ বা আচরণ নিয়ে আড়ালে আলোচনা করে, তবে আপনিও পাল্টা তার বিষয়ে অন্য সহকর্মীদের কাছে কথা বলবেন না।
এ ধরনের বিষয় অফিসের পরিবেশ আরও বিষাক্ত করে তোলে। তাই সুযোগ বুঝে এবং প্রয়োজন মনে হলে সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে বিষয়টি পরিষ্কার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
৩. রাগ না করে সরাসরি কথা বলুন
কেউ যদি নিয়মিত আপনার ভুল ধরেন বা সমালোচনা করেন, তবে সবার সামনে চটে না গিয়ে পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর সুবিধাজনক সময়ে তার সঙ্গে ব্যক্তিগতভাবে ও পেশাদারভাবে কথা বলুন।
তাকে বুঝিয়ে বলুন যে তার উদ্বেগ আপনি বুঝতে পারছেন, তবে সমস্যা সমাধানের আরও ইতিবাচক ও গঠনমূলক উপায় রয়েছে। চিৎকার বা পালটা আক্রমণ না করে শান্তভাবে কথা বললে অপর পক্ষও নিজের ভুল বুঝতে পারে।
৪. কাজের আগে যোগাযোগ ও স্বচ্ছতা বাড়ান
যে সহকর্মী আপনার কাজ নিয়ে বেশি প্রশ্ন তোলেন বা সন্দেহ প্রকাশ করেন, তার সঙ্গে কাজের জায়গা থেকে যোগাযোগ কিছুটা বাড়িয়ে দিন। কোনো বড় প্রজেক্ট শুরু করার আগে সম্ভব হলে তার মতামত বা পরামর্শ চাইতে পারেন।
কাজের অগ্রগতির বিষয়ে আগে থেকেই তাকে কিছুটা ধারণা দিলে আপনার কাজ সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার আশঙ্কা অনেক কমে যাবে। তবে মনে রাখবেন, এর অর্থ এই নয় যে প্রতিটি পদক্ষেপে তার অনুমতি নিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত ও দায়িত্ব আপনার নিজের কাছেই থাকবে।
৫. পেশাদারিত্ব বজায় রেখে নিজের সীমারেখা স্পষ্ট করুন
ভদ্র ও শান্ত থাকার অর্থ এই নয় যে আপনি সব ধরনের খারাপ আচরণ সহ্য করে নেবেন। কেউ যদি বারবার ব্যক্তিগত আক্রমণ করেন, অপমানজনক মন্তব্য করেন বা অন্যদের সামনে আপনাকে ছোট করার চেষ্টা করেন, তবে অত্যন্ত স্পষ্ট ও দৃঢ় ভাষায় নিজের সীমারেখা জানিয়ে দিন।
নিজের অধিকার ও সম্মান রক্ষা করতে গিয়ে নিজেও যেন কোনো অশ্রদ্ধাশীল আচরণ না করেন, সেদিকে খেয়াল রাখা জরুরি।
পেশাদারিত্ব ও মানসিক শান্তি রক্ষা
অফিসে সবার সঙ্গে চমৎকার বন্ধুত্ব গড়ে তোলা আপনার মূল লক্ষ্য হওয়া উচিত নয়। বরং পারস্পরিক শ্রদ্ধা ও পেশাদারিত্বের ভিত্তিতে কাজ সম্পন্ন করাই মূল উদ্দেশ্য। মতবিরোধ কাজেরই অংশ, তবে তা যেন আপনার মানসিক শান্তিতে ব্যাঘাত না ঘটায়। অযথা চাপ না নিয়ে বুদ্ধিমত্তা ও শান্ত মানসিকতা দিয়ে অফিস পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন।








