হটলাইনঃ +৮৮০ ৯৬১৩ ০০০ ২০০ |
শুক্রবার, জুলাই ৩, ২০২৬
- বিজ্ঞাপন-spot_img
Homeজাতীয়সাতক্ষীরার কিশোর সুদীপ্ত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনয়ন পেলেন
spot_img

সাতক্ষীরার কিশোর সুদীপ্ত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনয়ন পেলেন

শিশু সুরক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ। মাত্র ১৫ বছর বয়সেই বৈশ্বিক স্বীকৃতির তালিকায় উঠে আসা সুদীপ্তকে এখন শিশু অধিকার আন্দোলনের অনুপ্রেরণামূলক কণ্ঠস্বর হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আন্তর্জাতিক এই পুরস্কারটি শিশু অধিকার রক্ষায় অসাধারণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ প্রদান করে নেদারল্যান্ডসের অ্যাডভোকেসি সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন। এই পুরস্কারকে অনেকেই শিশুদের ‘নোবেল পুরস্কার’ বলে আখ্যা দেন। প্রতিবছর বিশ্বব্যাপী উল্লেখযোগ্য সামাজিক প্রভাব সৃষ্টি করা শিশু-কিশোরদের এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়। এবার সেই তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশি কিশোর সুদীপ্ত দেবনাথের নাম।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত সুদীপ্ত শহরের মাস্টারপাড়ার যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথের সন্তান। অল্প বয়স থেকেই সাংগঠনিক কাজের মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরির কাজ শুরু করেন তিনি। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে প্রান্তিক শিশুদের অধিকার নিশ্চিত, বাল্যবিয়ে রোধ এবং ঝরে পড়া শিশুদের আবারও শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে কাজ করছেন তিনি।

তার উদ্যোগে গত তিন বছরে দশটির বেশি বাল্যবিয়ে প্রতিরোধ হয়েছে। এছাড়া শিক্ষাবঞ্চিত অন্তত ১০০ শিশুকে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষায় ফেরানোর কাজ করেছেন তিনি। পাশাপাশি অনলাইন ও অফলাইনে শিশু সুরক্ষা, সাইবার নিরাপত্তা, বাল্যবিয়ে বিরোধী সচেতনতা ক্যাম্পেইন এবং শিক্ষা অধিকার নিয়ে ৫০টির বেশি সেশন পরিচালনা করেছেন।

শুধু শিশু অধিকারই নয়, জলবায়ু পরিবর্তনজনিত সংকটেও সোচ্চার তিনি। সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা ও ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত শিশুদের পুনর্বাসন এবং মানসিক সহায়তায় কাজ করেছেন তিনি। এজন্য তরুণ প্রজন্মের জলবায়ু আন্দোলনেও একটি পরিচিত নাম হয়ে উঠেছেন সুদীপ্ত।

এমন অর্জনে গর্ব প্রকাশ করেছে সুদীপ্তর পরিবার, শিক্ষক ও স্থানীয় প্রশাসন। সাতক্ষীরা জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, “সুদীপ্ত আমাদের জেলার গর্ব। আমরা আশা করছি তার কাজ আরো বড় পরিসরে প্রভাব ফেলবে।”

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের চূড়ান্ত বিজয়ীর নাম নভেম্বর মাসে ঘোষণা করা হবে। বিশ্বমানের পর্যায়ে মনোনয়ন পাওয়ায় বাংলাদেশে সুদীপ্তের এই অর্জন ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার শীর্ষে উঠে এসেছে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন-spot_img

সর্বাধিক জনপ্রিয়

- বিজ্ঞাপন-spot_img

সাম্প্রতিক মন্তব্য

- বিজ্ঞাপন-spot_img
error: Content is protected !!