নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অব নেপালের (সিপিএন–ইউএমএল) চেয়ারম্যান কে পি শর্মা অলি আবারও জনসম্মুখে এসেছেন। ভক্তপুরের গুন্ডু এলাকায় দলীয় সমাবেশে তিনি ঘোষণা দেন, দেশ ছেড়ে পালিয়ে যাবেন না।
অলি বলেন, “আপনারা কি ভাবছেন দেশকে এই অকার্যকর সরকারের হাতে ছেড়ে আমরা পালাব? কোনো দিন না। আমরা দেশকে সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনব, শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করব।”
চলতি মাসের শুরুর দিকে তরুণদের জেন-জি আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়েছিলেন অলি। এর পর ৯ সেপ্টেম্বর তাঁর ব্যক্তিগত বাসভবন বিক্ষোভকারীরা পুড়িয়ে দেয়। ১৮ সেপ্টেম্বর থেকে তিনি ভাড়াবাসায় রয়েছেন। এর আগে সেনা নিরাপত্তায় ছিলেন ৯ দিন।
১৮ দিন পর এই প্রথম তিনি প্রকাশ্যে বক্তব্য রাখলেন। তিনি অভিযোগ করেন, বর্তমান প্রধানমন্ত্রী সুশীলা কারকির নেতৃত্বাধীন সরকার জনসমর্থনহীন। অলি বলেন, “এই সরকার জনগণের ভোটে নয়; বরং লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে গঠিত হয়েছে।”
অলি দাবি করেন, তিনি কোনো ষড়যন্ত্রে জড়িত নন। তাঁর দেওয়া প্রশাসনিক নির্দেশনার রেকর্ডিং প্রকাশ করতে সরকারের প্রতি চ্যালেঞ্জ জানান তিনি। একই সঙ্গে অভিযোগ করেন, তাঁর নতুন বাসভবনের অবস্থান জানার পরও সরকার তাঁকে যথাযথ নিরাপত্তা দেয়নি।
অলির এই ঘোষণা নেপালের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।








