রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে গণমাধ্যমকর্মীরা এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করেছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি গেটে।
ঘটনাপ্রবাহ
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। তাদের সফর নিয়ে বিমানবন্দরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে বিএনপি নেতা হুমায়ুন কবির ব্রিফিং দিচ্ছিলেন। এসময় এনসিপির নেতারা উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন। সাংবাদিকরা পরিস্থিতি শান্ত রাখতে অনুরোধ জানালে এনসিপির কিছু নেতাকর্মী তাদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে তাৎক্ষণিকভাবে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করেন।
সফরের প্রেক্ষাপট
গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ও অন্যান্য উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে ঢাকা ছেড়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সফরে তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং এনসিপি নেতারা।
৯ দিনের সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে আজ তারা দেশে ফিরেছেন।








