আফগানিস্তানের বাগরাম এয়ার বেস আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ট্রাম্প বনাম তালেবান দ্বন্দ্ব আবারো সামনে আসছে, একসময় যেখানে মার্কিন সেনারা যুদ্ধ পরিচালনা করত, সেটি এখন তালেবানদের দখলে। আর এই ঘাঁটিটি ফেরত পেতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিএনএনের খবরে বলা হয়েছে, ট্রাম্প জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের ওপর চাপ দিচ্ছেন, কীভাবে তালেবানদের কাছ থেকে বাগরাম ঘাঁটি ফিরিয়ে আনা যায়, তা খুঁজে বের করতে। আসলে ঘাঁটিটি কেবল আফগানিস্তানের জন্য নয়, বরং চীনের দিকে নজরদারির জন্যও কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ। কারণ চীনের সীমান্ত বাগরাম থেকে খুব দূরে নয়।
ট্রাম্প নিজেও প্রকাশ্যে বলেছেন, “আমরা ঘাঁটি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেছিলাম, তবে আসলে রাখতে চেয়েছিলাম চীনের কারণে।” তাঁর মতে, বাগরাম থেকে সন্ত্রাসবিরোধী কার্যক্রম চালানো, বিরল খনিজে প্রবেশাধিকার পাওয়া এবং কূটনৈতিক সুবিধা তৈরি করা সম্ভব।
পুরোনো ইতিহাস
বাগরাম একসময় ছিল আফগানিস্তানে মার্কিন সামরিক শক্তির কেন্দ্র। দুই মাইল দীর্ঘ রানওয়ে, যুদ্ধবিমান আর হেলিকপ্টার রাখার মতো বিশাল ঘাঁটি ছিল এটি। ২০০১ থেকে শুরু করে জর্জ বুশ, ওবামা এবং ট্রাম্প, সবাই তাঁদের শাসনামলে বাগরাম সফর করেছেন।
কিন্তু ২০২১ সালে যুক্তরাষ্ট্র সেনা সরিয়ে নিলে তালেবান দ্রুত বাগরাম দখল করে। তখন মার্কিন বাহিনী প্রচুর সরঞ্জাম নিয়ে গিয়েছিল এবং কিছু ধ্বংসও করে। পরে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায়, বাগরাম ছেড়ে দেওয়া ছিল এক ধরনের ভুল সিদ্ধান্ত, যা পুরো আফগানিস্তান থেকে আমেরিকার হঠাৎ প্রত্যাহারের কারণ হয়েছিল।
ট্রাম্প বলছেন, তালেবানও নাকি আমেরিকার কাছ থেকে কিছু চায়। তাই আলোচনার পথ খোলা আছে। তবে আবার মার্কিন সেনা পাঠানো ছাড়া ঘাঁটি ফেরত পাওয়া কতটা সম্ভব, সেটিই এখন বড় প্রশ্ন।








