টানা ৩৩ বছর ধরে দর্শকদের হৃদয়ে রাজত্ব করার পর অবশেষে রূপালি জগতকে বিদায় জানালেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। লাইট-সাউন্ড-ক্যামেরা আর অ্যাকশনের চেনা জগত ছেড়ে এবার তিনি পুরোদস্তুর রাজনীতিবিদ। মাত্র ৫১ বছর বয়সেই অভিনয় জীবন থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিলেন এই জনপ্রিয় অভিনেতা। বিজয়ের এই সিদ্ধান্তে কোটি কোটি ভক্তের মন ভেঙে গেলেও, নতুন পরিচয়ে তাঁকে দেখার অপেক্ষায় অনুরাগীরা।
মালয়েশিয়ায় অবসরের ঘোষণা
মালয়েশিয়ায় এইচ বিনোথ পরিচালিত সিনেমা ‘জানা নায়গান’-এর গান মুক্তির এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়। সেখানেই ভক্তদের উদ্দেশ্যে নিজের অবসরের কথা জানান তিনি। ফলে ‘জানা নায়গান’ ছবিটিই হতে চলেছে থালাপতি বিজয়ের ক্যারিয়ারের শেষ সিনেমা। বিদায়বেলায় আনুষ্ঠানিক ঘোষণার মঞ্চে গানের তালে কোমর দুলিয়ে দর্শকদের বিনোদিত করতেও ভুলেননি তিনি।
৩৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার
মাত্র ১০ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে তামিল চলচ্চিত্র ‘ভেত্রি’ দিয়ে অভিনয় জগতে পা রাখেন বিজয়। এরপর ১৮ বছর বয়সে ১৯৯২ সালে ‘নালাইয়া থেরপু’ ছবির মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। সেই থেকে টানা তিন দশক ধরে তিনি তামিল সিনেমার অন্যতম প্রধান মুখ।
কেন রাজনীতিতে আসছেন বিজয়?
অভিনয় ছেড়ে রাজনীতির মাঠে নামার কারণ হিসেবে বিজয় জানান, তিনি তাঁর ভক্তদের ঋণ শোধ করতে চান। অভিনেতা ও নব্য রাজনীতিবিদ বিজয়ের কথায়, “অনুরাগীরা ছাড়া আমি অসম্পূর্ণ। গত ৩৩ বছর তারা আমাকে ভালোবাসা দিয়েছে। তাই আগামী ৩৩ বছর আমি তাদের জন্য কাজ করতে চাই। আমি রাজনীতিবিদ হিসেবে বাকি জীবন কাটাতে চাইছি। আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে।”
সমালোচনা ও ভক্তদের ভালোবাসা
নিজের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে বিজয় বলেন, “গত ৩৩ বছর ধরে আমি নানা সমালোচনার শিকার হয়েছি। নেতিবাচক ও ইতিবাচক সব ধরনের সমালোচনার তীর আমার গায়ে বিঁধেছে। কিন্তু পাশাপাশি ভক্তদের অকুণ্ঠ ভালোবাসাও পেয়েছি। তাদের মুখের দিকে চেয়েই আমি এতগুলো বছর কাটিয়ে দিলাম।”
সিনেমা জগত হারালেও, রাজনীতির মাঠে প্রিয় তারকাকে নতুন রূপে দেখার অপেক্ষায় এখন ভক্তরা। ‘জানা নায়গান’ দিয়ে শেষবারের মতো বড় পর্দায় ঝড় তুলবেন থালাপতি বিজয়।








