তীব্র গরমে শরীর ক্লান্ত হওয়ার পাশাপাশি আমাদের চুলের ওপর দিয়েও বেশ ধকল যায়। অনেকেরই অভিযোগ, গরম বাড়ার সাথে সাথে চুল পড়ার হারও বেড়ে গেছে। ঘাম, ধুলাবালি আর প্রখর রোদের কারণে এই সময়ে চুলের গোড়া নরম হয়ে যায়, যা শেষ পর্যন্ত চুল ঝরার কারণ হয়ে দাঁড়ায়।
বিশেষজ্ঞদের মতে, বর্ষার মতো প্রচণ্ড গরমেও চুল পড়ার সমস্যা প্রকট হতে পারে। তবে সঠিক যত্ন আর কিছু সচেতন অভ্যাস বদলে দিতে পারে এই চিত্র।
গরমে কেন চুল বেশি পড়ে
১. অতিরিক্ত ঘাম: চুলের গোড়ায় ঘাম জমার ফলে সেখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়ে এবং গোড়া দুর্বল হয়ে যায়।
২. পানিশূন্যতা: গরমে শরীরে পানিশূন্যতা দেখা দিলে তার প্রভাব পড়ে চুলের স্বাস্থ্যেও। আর্দ্রতা হারিয়ে চুল হয়ে পড়ে প্রাণহীন।
৩. ধুলাবালি ও রোদ: রোদের অতিবেগুনি রশ্মি চুলের প্রোটিন বা কেরাটিন নষ্ট করে দেয়। আর ঘামের সাথে বাইরের ধুলাবালি মিশে স্ক্যাল্পে ময়লা জমিয়ে ফেলে। ৪
. ঘুমের অভাব: গরমের কারণে অনেকেরই পর্যাপ্ত ঘুম হয় না, যা পরোক্ষভাবে চুল পড়ার জন্য দায়ী।
চুলপড়া রোধে কয়েকটি কার্যকর ঘরোয়া উপায়
আপনার হাতের কাছে থাকা প্রাকৃতিক উপাদান দিয়েই এই গরমে চুলের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব:
১. মেথি ও নারিকেল তেলের জাদুকরী মিশ্রণ
মেথি সারারাত ভিজিয়ে রেখে বেটে নিন। এটি নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথার ত্বকে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। মেথিতে থাকা প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড চুলের গোড়া ভেতর থেকে শক্ত করে।
২. পেঁয়াজের রসের সালফার
পেঁয়াজের রসে প্রচুর পরিমাণে সালফার থাকে যা চুলের পুনর্গঠনে সাহায্য করে। সপ্তাহে অন্তত দুদিন পেঁয়াজের রস স্ক্যাল্পে লাগিয়ে ১৫-২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এটি নতুন চুল গজাতেও বেশ কার্যকর।
৩. অ্যালোভেরা জেলের প্রশান্তি
অ্যালোভেরা জেল মাথার ত্বকের জ্বালাপোড়া কমায় এবং স্ক্যাল্পের পিএইচ (pH) ভারসাম্য বজায় রাখে। তাজা অ্যালোভেরা জেল সরাসরি মাথায় লাগিয়ে ৪০ মিনিট রাখুন এবং পরে ধুয়ে ফেলুন।
৪. টকদই ও লেবুর রস
টকদই একটি প্রাকৃতিক কন্ডিশনার। এর সাথে সামান্য লেবুর রস মিশিয়ে চুলে মাখলে খুশকি দূর হয় এবং চুল সিল্কি ও মজবুত হয়।
৫. আমলকীর ভিটামিন-সি
আমলকীতে থাকা ভিটামিন-সি কোলাজেন তৈরিতে সাহায্য করে। আমলকীর রস বা গুঁড়ো নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথায় ম্যাসাজ করলে চুল পড়া দ্রুত কমে যায়।
কিছু জরুরি পরামর্শ
- বাইরে বের হওয়ার সময় ছাতা কিংবা টুপি ব্যবহার করুন।
- অতিরিক্ত রাসায়নিকযুক্ত শ্যাম্পু পরিহার করে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন।
- মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে বারবার কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ান।
- দিনে অন্তত ৩-৪ লিটার পানি পান করুন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমান।
চুল পড়া রোধে বাজারের নামী-দামী ব্র্যান্ডের পণ্যের চেয়ে ঘরোয়া এবং প্রাকৃতিক যত্ন অনেক বেশি নিরাপদ ও স্থায়ী সমাধান দেয়। এই গরমে সঠিক খাদ্যাভ্যাস আর নিয়মিত যত্নে আপনিও পেতে পারেন ঝলমলে ও মজবুত চুল।








