বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সকালের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতের ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত অনেকেই ফেসবুকে সময় কাটান। তবে এই ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতা সবসময় আনন্দদায়ক হয় না।
অনেক সময় দেখা যায় অতিরিক্ত নোটিফিকেশন এবং বন্ধুদের অনাকাঙ্ক্ষিত ট্যাগিং আমাদের জন্য চরম বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। অপ্রয়োজনীয় কোনো গ্রুপের পোস্ট, কারো লাইভ ভিডিও কিংবা হুটহাট গ্রুপে মেনশনের নোটিফিকেশন যেমন কাজের মনোযোগ নষ্ট করে, তেমনি নিজের অনুমতি ছাড়া যেকোনো ছবিতে বা পোস্টে ট্যাগ হওয়াটা বেশ বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে।
তবে আপনার এই বিরক্তি দূর করার দারুণ উপায় রয়েছে খোদ ফেসবুকের ভেতরেই। ফেসবুকের সেটিংসে কয়েকটি ছোট পরিবর্তন করলেই এসব সমস্যা খুব সহজেই নিজের নিয়ন্ত্রণে আনা সম্ভব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই সেটিংসগুলো চালু করবেন।
অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করার নিয়ম
ফেসবুকে সারাদিন অসংখ্য নোটিফিকেশন আসতে থাকে, যার বেশিরভাগই আমাদের কোনো কাজে লাগে না। এগুলো বন্ধ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- ধাপ ১: প্রথমে আপনার ফোনের ফেসবুক অ্যাপটি খুলুন এবং ওপরের ডান কোণায় থাকা আপনার প্রোফাইল ছবি বা থ্রি-লাইন (Three-line) মেনুতে ক্লিক করুন।
- ধাপ ২: এবার একটু নিচের দিকে স্ক্রল করে Settings & Privacy (সেটিংস অ্যান্ড প্রাইভেসি) অপশনে যান এবং সেখান থেকে Settings (সেটিংস) অপশনে প্রবেশ করুন।
- ধাপ ৩: সেটিংসে ঢোকার পর Preferences (প্রেফারেন্সেস) নামের একটি বিভাগ দেখতে পাবেন। সেখানে থাকা Notifications (নোটিফিকেশনস) অপশনে ক্লিক করুন।
- ধাপ ৪: এবার আপনার সামনে লাইভ ভিডিও, গ্রুপ, ট্যাগ, রিমাইন্ডারসহ বিভিন্ন অপশন চলে আসবে। এখান থেকে আপনার যে বিষয়গুলোর নোটিফিকেশন প্রয়োজন নেই, সেগুলো একে একে বন্ধ বা অফ করে দিন।
অনুমতি ছাড়া টাইমলাইনে ট্যাগিং বন্ধ করার উপায়
কেউ আপনাকে ট্যাগ করলেই সেটি সরাসরি আপনার প্রোফাইল বা টাইমলাইনে চলে আসে, যা অনেক সময় আমরা চাই না। অনুমতি ছাড়া কোনো পোস্ট যেন আপনার প্রোফাইলে না দেখায়, সে জন্য এই সেটিংসটি চালু করুন:
- ধাপ ১: আগের মতোই ফেসবুকের মূল Settings-এ প্রবেশ করুন।
- ধাপ ২: এবার নিচের দিকে স্ক্রল করে Audience and Visibility (অডিয়েন্স অ্যান্ড ভিসিবিলিটি) বিভাগে যান।
- ধাপ ৩: সেখানে থাকা Profile and Tagging (প্রোফাইল অ্যান্ড ট্যাগিং) অপশনে ক্লিক করুন।
- ধাপ ৪: এখানে দুটি গুরুত্বপূর্ণ অপশন পাবেন। একটি হলো Review posts you are tagged in before the post appears on your profile এবং অন্যটি হলো Review tags that people add to your posts। এই দুটি অপশনই অন বা চালু করে দিন।
সুবিধা: এই সেটিংসটি চালু করার পর কেউ আপনাকে কোনো পোস্টে ট্যাগ করলে, সেটি সরাসরি আপনার প্রোফাইলে যাবে না। আপনার কাছে একটি রিভিউ নোটিফিকেশন আসবে। আপনি যদি ‘Approved’ বা অনুমতি দেন, কেবল তখনই সেটি আপনার প্রোফাইলে দেখা যাবে।
@everyone মেনশনের গণ-নোটিফিকেশন এড়ানোর উপায়
আজকাল বিভিন্ন গ্রুপে অ্যাডমিনরা সবাইকে একসাথে আকর্ষণ করার জন্য @everyone লিখে মেনশন দেন। এর ফলে আপনার সাথে কোনো সম্পর্ক না থাকলেও বারবার নোটিফিকেশন আসতে থাকে। এটি বন্ধ করার নিয়ম খুব সহজ:
- ফেসবুকের সেটিংস থেকে সরাসরি Notifications অপশনে যান।
- সেখান থেকে Tags (ট্যাগস) অপশনে প্রবেশ করুন।
- ভেতরে ঢুকলে Batch @everyone mentions (ব্যাচ @এভরিওয়ান ম্যানশন) নামের একটি অপশন দেখতে পাবেন। এটি বন্ধ বা অফ করে দিন।
ব্যস, এরপর থেকে গ্রুপে কেউ এই ধরনের গণ-ট্যাগ বা মেনশন দিলেও আপনার কাছে আর কোনো বিরক্তিকর নোটিফিকেশন আসবে না।
সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ফেসবুক ব্যবহার করার সময় নিজের নিরাপত্তা ও মানসিক শান্তির জন্য এই সেটিংসগুলো ঠিক রাখা অত্যন্ত জরুরি। ফেসবুকের এই প্রাইভেসি ও নোটিফিকেশন সেটিংসগুলো সঠিকভাবে ব্যবহার করলে অপ্রয়োজনীয় বিরক্তি ও মনোযোগের ব্যাঘাত অনেক কমে যায়। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভিজ্ঞতা হয়ে ওঠে আরও স্বস্তিদায়ক এবং আনন্দময়।
তাই আর দেরি না করে আজই আপনার ফেসবুকের সেটিংসগুলো চেক করুন এবং আপনার প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে নিন।








