দীর্ঘদিন পর যৌথ অর্থনৈতিক কমিশনের বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক শুরু হয়েছে। সোমবার সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এই বৈঠকের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আর পাকিস্তানের পক্ষ থেকে উপস্থিত আছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।
বাংলাদেশের ১৫ সদস্যের ও পাকিস্তানের ১৪ সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নিচ্ছে। আলোচনায় গুরুত্ব পাচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সুরক্ষা, কৃষি, ব্যাংকিং, আর্থিক সেবা, জ্বালানি সহযোগিতা, শিক্ষা ও প্রযুক্তি খাতের উন্নয়ন।
বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। কর্মকর্তারা আশা করছেন, এই বৈঠক দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রা দেবে।
জানা গেছে, বৈঠকের পরদিন মঙ্গলবার (২৮ অক্টোবর) বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে যাবেন।
উল্লেখযোগ্যভাবে, সর্বশেষ বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালে। প্রায় দুই দশক পর অনুষ্ঠিত এই নবম বৈঠককে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।








