আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে প্রতিদিনের খবর শুধু তথ্য নয় – এগুলো আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক বাস্তবতার প্রতিচ্ছবি। তাই দিনটি কীভাবে শুরু হলো এবং কী ঘটছে দেশ–বিদেশে, তা জানতে সবার আগ্রহ থাকে শীর্ষ জনপ্রিয় দৈনিকগুলোর বিশেষ খবরে। আজকের তারিখের দেশের শীর্ষ পাঁচটি জাতীয় পত্রিকা তাদের প্রথম পাতায় যে খবরগুলো প্রাধান্য দিয়েছে, সেগুলোই আজকের বাস্তবতার সবচেয়ে আলোচিত ইস্যু। রাজনীতি থেকে অর্থনীতি, আন্তর্জাতিক কূটনীতি থেকে আইনের শাসন, মানবাধিকার থেকে জনজীবনের চ্যালেঞ্জ, সব ক্ষেত্রের গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী খবরগুলোর সারসংক্ষেপ তুলে ধরা হলো এক নজরে, নিরপেক্ষ বিশ্লেষণ ও তথ্যভিত্তিক উপস্থাপনায়। চলুন এক-নজরে দেখে নেই আজকের পত্রিকার প্রথম পাতাগুলো

প্রথম আলোর খবরঃ জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় ও পদ্ধতি নিয়ে রাজনৈতিক মতবিরোধ রেখেই দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলো বিশেষত বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনড় অবস্থানের মুখে ঐকমত্য কমিশন বলেছে, বিশেষজ্ঞদের পরামর্শ ও রাজনৈতিক দলগুলোর মতামত সমন্বয় করে আগামী দু–এক দিনের মধ্যে কমিশন সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সরকারের কাছে সুপারিশ দেবে।

দৈনিক ইত্তেফাকের খবরঃ গণভোটের মাধ্যমে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত। ঐকমত্য কমিশনের সঙ্গে সর্বশেষ রবিবারের বৈঠকে এবিষয়ে দলগুলো মতৈক্যে পৌঁছায়। তবে, গণভোট কখন- সংসদ নির্বাচনের সঙ্গেই নাকি এর আগে; সংসদের উভয় কক্ষে নাকি শুধু উচ্চকক্ষে পি আর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি করা হবে নাকি হবে না; মোটা দাগে এখন এই তিন ইস্যুতেই আটকে আছে দলগুলোর মধ্যে ঐকমত্য হওয়া না হওয়া।

সমকালের খবরঃ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের আয়োজন করার সময় নিয়ে এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। সাত মাস ধরে সংলাপ শেষেও বিএনপি, জামায়াত ও এনসিপি তাদের আগের অবস্থানেই রয়েছে। বিএনপি অধ্যাদেশ জারির মাধ্যমে সংসদ নির্বাচনের দিনে গণভোট আয়োজনের অবস্থানে অনড়। জামায়াতে ইসলামী আগের মতোই সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে নভেম্বরে গণভোট চায়। আর সাংবিধানিক আদেশের পক্ষে অবস্থান নেওয়া এনসিপিও নির্বাচনের আগে গণভোট চায়।
গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপের শেষ পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় রাজনৈতিক দলগুলো একমত হতে না পারায় জাতীয় ঐকমত্য কমিশন জানায়, বিশেষজ্ঞ প্যানেল পরামর্শ এবং রাজনৈতিক দলগুলোর মতামত সমন্বয় করে সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতির সুপারিশ করা হবে। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

দৈনিক ইনকিলাবের খবরঃ নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা। রাজনৈতিক দলগুলোর প্রার্থী বাছাই-ঘোষণা করছে। ভোট দেয়ার জন্য ১২ কোটি ভোটার মুখিয়ে। তখন দেশে-বিদেশে ফের ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ প্রতিষ্ঠার তোড়জোড় শুরু হয়ে গেছে। খুনের দায়ে অভিযুক্ত হাসিনা এবং ভয়ঙ্কর অপরাধে জড়িত পলাতক নেতাদের বাদ দিয়ে বিদেশিদের ভাষায় অপেক্ষাকৃত পরিচ্ছন্নদের নিয়ে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ প্রতিষ্ঠার কৌশল চলছে।

কালের কণ্ঠের খবরঃ জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময়সীমা ও প্রক্রিয়া নিয়ে ঐকমত্য ছাড়াই শেষ হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামত সমন্বয় করে দু-এক দিনের মধ্যে সরকারকে পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
গতকাল বুধবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সমাপনী বৈঠক শেষে এই তথ্য জানান তিনি।
দিনের ব্যস্ততার ভিড়ে গুরুত্বপূর্ণ খবরগুলো এক জায়গায় পাওয়া পাঠকদের শুধু সময়ই বাঁচায় না, বরং সমসাময়িক প্রেক্ষাপট সম্পর্কে স্পষ্ট ধারণা গঠনে সহায়তা করে। আজকের দেশের শীর্ষ পাঁচটি পত্রিকার নির্বাচিত বিশেষ খবরগুলো সময়ের গুরুত্বপূর্ণ ইস্যু, নীতি-নির্ধারণী সিদ্ধান্ত এবং জনজীবনে প্রভাব ফেলতে পারে, এমন ঘটনাগুলোকে সামনে এনেছে। তবে একটি সংবাদকে শুধু পড়লেই দায়িত্ব শেষ হয় না; পাঠকের উচিত খবরের ভেতরের বাস্তবতা বুঝে সেটি নিয়ে চিন্তা করা এবং সত্য-মিথ্যা যাচাই করে মতামত গঠন করা। আমরা প্রতিদিনের মতো আজও নিরপেক্ষ ও নির্ভরযোগ্য তথ্য পরিবেশনে অঙ্গীকারবদ্ধ, আগামীকাল আবারও দেখা হবে নতুন দিনের গুরুত্বপূর্ণ সংবাদ বিশ্লেষণে।








