লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চালানো এক ড্রোন হামলায় শিশুসহ অন্তত চারজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক পরিবারে তিন শিশু ও তাঁদের বাবা রয়েছেন। লেবাননের সংসদের স্পিকারের দাবি, নিহতরা মার্কিন নাগরিক। তবে যুক্তরাষ্ট্র এ তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।
আলজাজিরার খবরে বলা হয়েছে, রবিবার (২১ সেপ্টেম্বর) লেবাননের বিনত জবেইল শহরে ইসরায়েলি ড্রোন হামলায় একটি মোটরসাইকেল ও একটি গাড়ি লক্ষ্যবস্তু করা হয়। এতে এক পরিবারের পাঁচ সদস্য নিহত হন। নিহতদের মধ্যে তিনজন শিশু – সেলিন, হাদি এবং আসিল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া হামলায় আরও দুজন আহত হয়েছেন।
লেবাননের সংসদের স্পিকার নাবিহ বেরি জানান, নিহত শিশু ও তাদের বাবা মার্কিন নাগরিক ছিলেন। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর রয়টার্সকে জানিয়েছে, পরিস্থিতি এখনো অস্পষ্ট। তাদের ভাষ্য, প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে নিহতরা যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন না, তবে একজনের যুক্তরাষ্ট্রে অভিবাসন ভিসার আবেদন ছিল।
অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, ওই হামলায় হিজবুল্লাহর একজন সদস্য নিহত হয়েছে। তবে তারা স্বীকার করেছে, এতে বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন।
উল্লেখ্য, ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে। তাদের দাবি, ইরান-সমর্থিত হিজবুল্লাহ যেন নতুন করে সামরিক শক্তি গড়ে তুলতে না পারে, সে জন্যই এ অভিযান। যদিও গত বছরের নভেম্বরে ইসরায়েল ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়, তবুও ইসরায়েল নিয়মিতভাবে চুক্তির শর্ত ভঙ্গ করে আসছে।








