না ফেরার দেশে চলে গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ পুরো দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুর পর এখন সবার মনে প্রশ্ন কোথায় অনুষ্ঠিত হবে এই মহীয়সী নেত্রীর জানাজা এবং কোথায় তাঁকে সমাহিত করা হবে? এ বিষয়ে দলের পক্ষ থেকে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে।
কোথায় হবে জানাজা ও দাফন?
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে জানিয়েছেন, আগামীকাল বুধবার বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হতে পারে। তিনি জানান, রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এই বিশাল জানাজা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, লাখো মানুষের সমাগম ঘটবে এই জানাজায়।
দাফনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ জানান, জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে (চন্দ্রিমা উদ্যান) তাঁকে দাফন করা হতে পারে। সেখানে তাঁর স্বামী, বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবর রয়েছে। স্বামীর কবরের পাশেই বেগম খালেদা জিয়াকে সমাহিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।
দীর্ঘ অসুস্থতা ও শেষ বিদায়
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হার্ট, কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এর আগে জানিয়েছিলেন, ম্যাডাম অত্যন্ত জটিল ও সংকটময় সময় পার করছেন। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরেও মঙ্গলবার ভোরে তিনি মাবুদের ডাকে সাড়া দিয়ে চলে যান।
শোকে স্তব্ধ জাতি
সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে। স্বামীর পাশে তাঁর দাফনের বিষয়টি নেতাকর্মীদের আবেগ আরও বাড়িয়ে দিয়েছে। জানাজা ও দাফনের চূড়ান্ত সময়সূচি খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।








