দেশের সব থানায় অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) করার সুযোগ চালু হলো। এর ফলে জনগণকে আর থানায় গিয়ে জিডি করতে হবে না। ঘরে বসেই ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইনে জিডি করা যাবে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার নির্দেশে পুলিশি সেবা সহজীকরণ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনলাইন জিডি করতে চাইলে গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। এরপর যেকোনো সময় প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে জিডি করা যাবে।
পুলিশ জানিয়েছে, শুধু মেট্রোপলিটন শহর নয়, সারাদেশের সব থানা এবং রেলওয়ে পুলিশের ৬ জেলায় ২৪টি থানাতেও একইভাবে এই সেবা পাওয়া যাবে।
এছাড়া, যাদের অ্যাপ ব্যবহার করতে অসুবিধা হবে বা কোনো সমস্যায় পড়বেন, তারা ২৪ ঘণ্টা সহায়তার জন্য ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
পুলিশ সদর দপ্তর বলছে, এই উদ্যোগের মাধ্যমে মানুষের সময় ও ভোগান্তি দুটোই কমবে। আগে অনেককে থানায় গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এখন অনলাইনে সহজেই অভিযোগ বা তথ্য লিপিবদ্ধ করা যাবে।
প্রধান উপদেষ্টার নির্দেশে শুরু হওয়া এই অনলাইন জিডি সেবা ভবিষ্যতে আরও উন্নত করা হবে বলে আশা প্রকাশ করেছে পুলিশ।








